মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হেয়প্রতিপন্নের অভিযোগ

হোম » গণমাধ্যম » মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হেয়প্রতিপন্নের অভিযোগ
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

সাংবাদিক মেহেদী হাসান

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি ও অবহেলিত মানুষের দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করায় একটি মহল ষড়যন্ত্র করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক মেহেদী হাসান। তিনি দৈনিক তৃতীয় মাত্রা ও চ্যানেল ভোলার মনপুরা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সাংবাদিক মেহেদী হাসান এ অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মনপুরায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মেহেদী হাসান জানান, গত চার বছর ধরে মনপুরায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করে তিনি পেশাগত দায়িত্ব পালন করছেন। এ সময়ে উপজেলার মানুষের দুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি, জনভোগান্তি ও বিভিন্ন অসঙ্গতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, ২০২৫ সালের ৩১ আগস্ট সরকারি খাল খনন করে লাইসেন্সবিহীন কোপা ড্রেজারের মাধ্যমে এমআরএসআর ব্রিকস ফিল্ডে মাটি নেওয়ার অভিযোগ এবং ওই ইটভাটার মালামাল বহনকারী যানবাহনের চলাচলে স্থানীয় কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ নিয়ে তিনি সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন।

 

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট অভিযোগ নিয়েও সংবাদ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

 

মেহেদী হাসানের অভিযোগ, এসব সংবাদ প্রকাশের পর একটি মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের পাশাপাশি সম্প্রতি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে।

 

তিনি আরও অভিযোগ করেন, এমআরএসআর ব্রিকস ফিল্ডের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ইটভাটার মালিকপক্ষ, ম্যানেজার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা রোকন মো. মাকসুদুর রহমানের পক্ষ থেকে মিথ্যা তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

 

মেহেদী হাসান বলেন, ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ ও স্থানীয় জনগণের স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনের কাছে দেওয়ার পর থেকেই একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। পরে ওই চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত এমআরএসআর ব্রিকসের ম্যানেজারকে হাতেনাতে ধরার ঘটনার পর তার বিরুদ্ধে অপপ্রচার আরও বেড়ে যায় বলে দাবি করেন তিনি।

 

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, জনস্বার্থ ও পেশাগত দায়িত্ববোধ থেকেই আমি সংবাদ প্রকাশ করেছি। বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও আমি একইভাবে পেশাগত দায়িত্ব পালন করেছি।’

 

সাংবাদিক মেহেদী হাসানের দাবি, শুধু মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারই নয়, কলাতলীতে সংবাদ সংগ্রহের সময় তাকেসহ সাংবাদিক আবদুর রহমান শোয়েবকে মারধর করে আহত এবং জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পরও ওই চক্রের অপপ্রচার অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

এদিকে সাংবাদিক মেহেদী হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মনপুরা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ