জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হোম » আইন-আদালত » জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মো. ওলিউর রহমান রুবেল। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথ দেখায়। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা আরও বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

 

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, মানুষের সুখ-শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৬ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ