
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঐতিহ্য ও গৌরবের ৮৫ বছর পূর্তি উপলক্ষে ঝালকাঠির প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় র্যালিটি বের হয়।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, সাবেক প্রধান শিক্ষক সামসুল হক, বর্তমান প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান পলাশ, দৈনিক খোলাকণ্ঠের সম্পাদক মো. আজমির হোসেন তালুকদার, উদযাপন কমিটির উপদেষ্টা মল্লিক মু. নাছির উদ্দিন, আহ্বায়ক আব্দুল হাই পলাশসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
৮৫ বছর পূর্তির আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর বিদ্যালয় প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পুরোনো স্মৃতি, সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং বিদ্যালয়ের গৌরবময় পথচলার নানা ঘটনা স্মরণ করে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে গত ৮৫ বছরে বিদ্যালয়টি ঝালকাঠির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ৮৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
র্যালিকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণে ৮৫ বছরের ঐতিহ্য ও অর্জনের স্মরণীয় উদযাপনে পরিণত হয় অনুষ্ঠানটি।
এসই/এমআর