
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার সাত ইউনিয়নের ১৫০ জন বাঘ বিধবা নারীর মাঝে ফুড প্যাক বিতরণ করেছেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, বাঘ বিধবা নারীরা অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান ও মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ এবং সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক কয়রা উপজেলার ৫০টি পরিবারের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ৩ হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ করেন।
এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কয়রা থানা, ভূমি অফিস, মহিলা বিষয়ক কার্যালয়, মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।