আমতলীতে মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

হোম » লিড নিউজ » আমতলীতে মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকায় একই রাতে মসজিদ, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে এসব প্রতিষ্ঠানে প্রবেশ করে ল্যাপটপ, নগদ টাকা ও দোকান থেকে সিগারেট নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

শুক্রবার গভীর রাতে ঘোপখালী জামে মসজিদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শানু হাওলাদারের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। শুক্রবার রাতে চোরেরা চারটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন কক্ষ ও আলমিরা ভেঙে আসবাবপত্র তছনছ করে। চোরেরা ইউনিয়ন পরিষদ থেকে একটি ল্যাপটপ ও ২০ হাজার টাকা, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা, মসজিদের আলমিরা থেকে টাকা এবং একটি দোকান থেকে বেশ কিছু সিগারেট নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

 

ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মোর্শেদা বেগম বলেন, চোরচক্র বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে একটি ল্যাপটপ এবং নৈশপ্রহরীর রাখা নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

 

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, পরিষদের একটি কক্ষ ছাড়া বাকি সব কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। আলমিরাগুলো ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে রাখা হয়েছে। একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে।

 

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. সোহেলী পারভীন মালা বলেন, চোরচক্র গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে। এর মধ্যে কিছু কাগজপত্র পরে সড়কের পাশে পাওয়া গেছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ