দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর

হোম » লিড নিউজ » দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা ডেস্ক

 

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাত-ঝুঁকি বিবেচনায় মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানের নির্দেশ

 

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো জরুরি বার্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পুলিশ সূত্র জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার পাঠানো ওই নির্দেশনায় মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। এতে সম্ভাব্য ঝটিকা মিছিল, দলীয় পতাকা উত্তোলন কিংবা ব্যানারসহ কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও গোপনে বা প্রকাশ্যে এমন কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

এতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মসূচিতে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ক্ষোভ বা হামলার ঘটনাও ঘটতে পারে। ফলে মাঠপর্যায়ে আগাম নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। তবে নির্দিষ্ট কোনো বড় থ্রেট বা হামলার আশঙ্কা নেই। এটি আমাদের নিয়মিত সতর্কতার অংশ।

 

তিনি আরও বলেন, সারা বছরই বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় ধর্মীয় কর্মসূচি হচ্ছে ১০ মহররমের পবিত্র আশুরা। পাশাপাশি ২৩ জুনের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা, বিশেষ নিরাপত্তা চেকপোস্ট ও নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর দলটির শীর্ষ পর্যায়ের বহু নেতা গ্রেপ্তার হন এবং অনেকেই আত্মগোপনে চলে যান। ফলে দলটির নিয়মিত রাজনৈতিক কার্যক্রম সীমিত হয়ে পড়ে।

 

গণ-আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বিচার প্রক্রিয়া চলাকালীন দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে আইনি নিষেধাজ্ঞা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের কিছু এলাকায় মাঝেমধ্যে ঝটিকা মিছিলের চেষ্টা দেখা গেছে বলে মাঠপর্যায়ের সূত্রগুলো জানায়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ