বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

হোম » বিশ্ব » বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা
বুধবার ● ১০ জুন ২০২৬


 

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা। ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক

 

নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

 

বুধবার (১০ জুন) সকালে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ড্রোন ব্যবহার করা হয়েছে এবং অভিযান তখনও চলমান ছিল বলে দাবি করা হয়।

 

এর আগে সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর ইরানের উপকূলীয় কয়েকটি এলাকায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

 

মার্কিন পক্ষের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে।

 

অন্যদিকে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

বাহিনীটির ভাষ্য, ‘মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক ও কিশমের বিভিন্ন এলাকায় ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল ও দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর হামলা চালানো হবে।’

 

পারস্য উপসাগর তীরবর্তী বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১২:১৭:৫৯ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ