কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে দুই শিক্ষকের মধ্যে সংঘর্ষে মো. মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে।

 

কলেজ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ইনকোর্স পরীক্ষার খাতা দেখছিলেন। এ সময় সাধারণ ইতিহাস বিভাগের শিক্ষক মো. বাদল মাতুব্বরের সঙ্গে তার কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বাদল মাতুব্বর চেয়ারের আঘাত করেন মোস্তাফিজুর রহমানকে। আত্মরক্ষার চেষ্টা করলে চেয়ারের আঘাতে ভেঙে যাওয়া অংশে তার বাম হাতের কব্জির নিচে কেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।

 

পরে গণিত বিভাগের শিক্ষক মোজাম্মেল হক তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসায় তার হাতে কয়েকটি সেলাই দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

 

আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে সহকর্মী বাদল মাতুব্বর তাকে কলেজে আসতে নিষেধ করে আসছিলেন। এরপরও তিনি নিয়মিত ক্লাসে যোগ দিলে পূর্বেও তাকে হুমকি ও মারধরের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

 

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক মো. বাদল মাতুব্বর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

 

কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বলেন, ‘দুই শিক্ষকের ব্যক্তিগত বিরোধের জেরে শিক্ষক লাউঞ্জে মারামারির ঘটনা ঘটেছে বলে জেনেছি। কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কলেজে দুই শিক্ষকের মধ্যে সংঘর্ষের বিষয়টি তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৪৪ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ