মঙ্গলবার ● ১২ মে ২০২৬
কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে দুই শিক্ষকের মারামারির ঘটনায় একজন শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ইনকোর্স পরীক্ষার খাতা দেখার সময় সাধারণ ইতিহাস বিভাগের শিক্ষক মো. বাদল মাতুব্বরের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর রহমান আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার বিষয়ে একই কলেজের শিক্ষক মো. মাহবুবুর রহমান আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগের সময়েও কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনায় ভূমিকা রেখেছেন এই শিক্ষক (মোস্তাফিজ)। ৫ আগস্টের পর দু’একজন শিক্ষক অনুপস্থিত থাকলেও মোস্তাফিজুর রহমান কলেজে এসে নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। আজকের ঘটনায় শিক্ষক বাদল মাতুব্বরের সঙ্গে কথা কাটাকাটির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এতে মোস্তাফিজুর রহমানের ভূমিকাও ছিল বলে তিনি দাবি করেন।
এদিকে, আহত শিক্ষককে পরে সহকর্মীরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মো. বাদল মাতুব্বর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে সে (মোস্তাফিজ) চেয়ার থেকে পড়ে হাতে ব্যাথা পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বলেন, দুই শিক্ষকের ব্যক্তিগত বিষয় নিয়ে শিক্ষক লাউঞ্জে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:০৯:৪৪ ● ৯২ বার পঠিত
