
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে ভারত-এর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা দুই নারী হলেন- বাগেরহাট জেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) এবং কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ২০২৩ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা নিউ দিল্লি যান। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।
পরবর্তীতে গত বছরের ১১ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় দমদম সেন্ট্রাল জেলে,
যেখানে তারা প্রায় পাঁচ মাস কারাভোগ করেন।
পরে আইনগত প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখান থেকে মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিরা ওই দুই নারীকে গ্রহণ করে। ওই সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।