
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুরের কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। রবিবার (৩ মে) শপথ গ্রহণ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে টাইম টাওয়ার চত্বর থেকে মিছিল বের করেন।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।
বক্তারা বলেন, নাজিরপুরের কৃতি সন্তান সুলতানা জেসমিন জুঁইয়ের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো নাজিরপুরবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন আফরোজ আহমেদ সবুজ, শফিকুল ইসলাম মোল্লা, শফিক ইসলাম শফিক, অহিদুজ্জামান চঞ্চল, মো. এশারত শেখ, ফয়সাল আহমেদ ফাহাদ, মাঈনুল ইসলাম মঈন, মো. আসাদ শেখ, এমাম খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।