
সাগরকন্যা প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তার সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দীর্ঘদিন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখা’র সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধি থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সংগঠনের সব কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার কথাও উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, দেশের সেবা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও দীর্ঘ চিন্তাভাবনার ফল বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, এটি আমার কাছে ভাল লাগছিল না এবং এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’
মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) জানান, সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে পর্যাপ্ত সময় প্রয়োজন হয়। পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় আলোচনা সাপেক্ষেই ইব্রাহিম অব্যাহতি নিয়েছেন।
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ‘ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে।’