বাউফলে ৫৪ দিনেও চাল পায়নি চন্দ্রদ্বীপের জেলেরা

হোম » পটুয়াখালী » বাউফলে ৫৪ দিনেও চাল পায়নি চন্দ্রদ্বীপের জেলেরা
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


বাউফলে ৫৪ দিনেও চাল পায়নি চন্দ্রদ্বীপের জেলেরা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে চলমান ৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র ৬ দিন বাকি। অথচ ৫৪ দিন পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ হাজার ৪৫৫ জন নিবন্ধিত জেলে এখনো পাননি সরকারের মানবিক সহায়তার চাল। এতে কর্মহীন জেলে পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

জেলেরা বলেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এমন সময়ে সরকারি সহায়তার চালই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেই চাল না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মো. সোহেল বলেন, মাছ ধরতে পারছি না, আয়-রোজগারও বন্ধ। সরকারি চালও পাইনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আরেক জেলে আনোয়ার মাঝি বলেন, সব ইউনিয়নে চাল দেওয়া শেষ, শুধু আমরা পাইনি। চাল না দিলে খাব কী?

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাউফল সংলগ্ন তেঁতুলিয়া নদীর ধুলিয়া থেকে বগী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত। মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জীবিকা সহায়তায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়ার কথা। গত ২৪ ফেব্রুয়ারি খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন এবং ২৬ ফেব্রুয়ারির মধ্যে জেলেদের মাঝে তা বিতরণের নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হলেও চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলেরা এখনো বঞ্চিত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম নিয়ে তারা অসন্তোষে রয়েছেন। এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবুল বশার মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে পরিষদের দফাদার মো. রুহুল আমিন জানান, আজ (শুক্রবার) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৩৮০ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হবে। তবে বাকি ১ হাজার ৭৫ জন জেলের মধ্যে কবে চাল বিতরণ করা হবে-এ বিষয়ে তিনি কিছু জানাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ