দশমিনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, নদীতে নারী জেলেরাও

হোম » জেলে-মৎস্য » দশমিনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, নদীতে নারী জেলেরাও
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

দশমিনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, নদীতে নারী জেলেরাও

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করছেন জেলেরা। তাঁদের মধ্যে নারী জেলেরাও রয়েছেন। মৎস্য বিভাগের অভিযান চলার মধ্যেই নদীর বিভিন্ন পয়েন্টে ট্রলার নিয়ে জাল ফেলছেন তাঁরা। বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার নদীতে ৭ থেকে ৮টি মাছ ধরার ট্রলারে জেলেদের ইলিশ শিকার করতে দেখা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী, পাতারচর ও চরবোরহানের বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকার চলছে। ট্রলারগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন জেলেরা।

 

উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্ত থেকে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে তাঁদের আওতাধীন এলাকায় মা ইলিশ শিকার করতে আসেন। তাঁরা মূলত বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার বাসিন্দা।

 

তিনি বলেন, তাঁদের আটক করতে গেলে নারী জেলেরা তাঁদের ছোট ছোট সন্তানদের নদীতে ফেলে দেওয়ার ভয় দেখান। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অভিযান চালানো হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, তিনি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌপুলিশ, থানা-পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে একাধিক জেলেকে আটক এবং জাল ও ট্রলার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ