
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসা এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে। এরপরে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি প্রথমে নিজেকে ডা. লিয়াকত হোসেন পরিচয় দিলেও যাচাইয়ে তা মেলেনি এবং জিজ্ঞাসাবাদে একাধিক নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেন।
প্রশাসন সূত্র জানায়, প্রায় এক মাস আগে এক প্রসূতিকে পরীক্ষা করে গর্ভের সন্তান মারা গেছে বলে ভুল রিপোর্ট দেন ওই ব্যক্তি। পরে অন্য চিকিৎসকের পরীক্ষায় সন্তান জীবিত ও সুস্থ পাওয়া গেলে তার বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দক্ষিণ বন্দর গোডাউনের সাদেকা ভিলার নিচতলা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কখনো ডা. নুরুল ইসলাম, কখনো ‘উরিং চাং’ নামে পরিচয় দেন। তবে কোনো জাতীয় পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং নিজের ঠিকানা সম্পর্কেও ভিন্ন ভিন্ন তথ্য দেন।
আরএমও ডা. সৌমিত্র সিনহা জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। তার নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়া। ধর্মান্তরিত হয়ে তিনি নুরুল হাসান নাম ব্যবহার করছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, মানুষের জীবন নিয়ে প্রতারণার অপরাধে ভুয়া ওই ডাক্তারকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।