
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম আনন্দের পাশাপাশি দরিদ্র একটি পরিবারের জীবনে চ্যালেঞ্জও তৈরি করেছে। তিন ছেলে ও দুই মেয়ের জন্মে খুশির আবহ থাকলেও তাদের লালন-পালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পিতা সোহেল হাওলাদার।
গত ৬ অক্টোবর ২০২৫ জন্ম নেওয়া নবজাতকদের চিকিৎসা, খাদ্য ও অন্যান্য ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। সীমিত আয়ের কারণে একসঙ্গে পাঁচ শিশুর দায়িত্ব বহন করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে শুরু থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি পরিবারটির খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাঁর পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার নেতারা সোহেল হাওলাদারের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেন তারা।
সোহেল হাওলাদার সাগরকন্যাকে বলেন, ‘একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কীভাবে তাদের লালন-পালন করবো বুঝতে পারছিলাম না। ড. মাসুদ এমপি ও সংশ্লিষ্টদের সহযোগিতা আমাদের জন্য আল্লাহর রহমত।’
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবারটির পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।’