ভাণ্ডারিয়ায় দুই মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি, পাস করেনি কেউ

হোম » শিক্ষা » ভাণ্ডারিয়ায় দুই মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি, পাস করেনি কেউ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে দুটি দাখিল মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতির চিত্র উঠে আসে। এর মধ্যে একটি মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের মধ্যে ছয়জন এবং অন্যটিতে ১৩ জনের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। দুটি মাদ্রাসা থেকেই ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি।

পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের হাজী নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়, গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ৭১ নম্বর মধ্য ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৪ নম্বর গৌরীপুর গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামের জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা ও এর প্রায় ২০০ গজ দূরে অবস্থিত দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখা যায়। মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উপস্থিতি ছিল হতাশাজনক। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেলেও পড়াশোনায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে পর্যবেক্ষণে উঠে আসে।

জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ১৩ জন শিক্ষকের মধ্যে সুপারসহ ছয়জন অনুপস্থিত। পাঁচজন কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অত্যন্ত কম। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে দুই থেকে চারজন করে শিক্ষার্থী উপস্থিত থাকলেও নবম ও দশম শ্রেণিতে একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আরবি শিক্ষক রফিকুল ইসলাম নেসারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। গত দুই মাসে তাঁর অসুস্থতা বেড়েছে। অন্যদিকে ইবতেদায়ি বিভাগের শিক্ষক কারী শামসুল হক বেপারীর বিরুদ্ধে মাদ্রাসার নিয়মনীতি ও প্রশাসনিক নির্দেশনা না মানার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে বিপিএড শিক্ষক উত্তম কুমার ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছেন।

একই এলাকার দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ১০ জন, সপ্তম শ্রেণিতে ১৩ জন, অষ্টম শ্রেণিতে পাঁচজন, নবম শ্রেণিতে সাতজন এবং দশম শ্রেণির তিনজন দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিল। এ মাদ্রাসা থেকেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

দুটি মাদ্রাসার কাছাকাছি অবস্থান, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় স্থানীয় শিক্ষার মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিদর্শনকালে সরকারি নির্দেশনার ব্যত্যয় পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান হতাশা প্রকাশ করে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করবেন, আর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। বিশেষ করে দুটি মাদ্রাসার উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সুযোগ নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৬ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ