হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, ‘মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে’

হোম » বিশ্ব » হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, ‘মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে’
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, ‘মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে’

সাগরকন্যা ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র সেখানে ‘পুলিশের’ ভূমিকা নিতে চাইলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরপরই তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে রেখেছে বলে জানানো হয়।

 

এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসিন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনীর কাজ?’

 

তিনি আরও বলেন, ‘অবরোধ কার্যকর করতে নজরদারিতে থাকা আপনাদের জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।’

 

মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার-ইন-চিফ। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে অবসরে গেলেও সম্প্রতি অবসর ভেঙে মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

 

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১০:৪৮:২৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ