প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

হোম » পটুয়াখালী » প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মো. ইকবাল হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম নিরব (১৪)। সে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামমর্দ্দন এলাকার বাসিন্দা।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত নিরব গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। তবে চিকিৎসকেরা তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যায় তার পরিবার।

 

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইকবাল হোসেন বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। অভিযোগ রয়েছে, তিনি ইংরেজিসহ একাধিক বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। তাঁর কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের বিভিন্ন অজুহাতে দোষারোপ ও মারধর করা হয়। এর আগেও একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

নিরব ও তার পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে ইকবাল হোসেনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেওয়ার পর থেকেই বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হচ্ছে। একই কারণে এর আগেও দুই দফায় তাকে মারধর করা হয়েছিল। একবার ২৬টি এবং আরেকবার ৩২টি আঘাত করা হয় বলে অভিযোগ নিরবের।

 

নিরব জানায়, এক মাস ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছিল সে। পরে আর্থিক সমস্যার কারণে তার পরিবার পড়ানো বন্ধ করে দেয়। এরপর শিক্ষক বিভিন্ন সময় তাকে আবারও প্রাইভেট পড়তে বলেন। রাজি না হওয়ায় আগেও তাকে মারধর করা হয়েছে। সর্বশেষ সোমবার শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর দুষ্টুমির অভিযোগে তাকে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন শিক্ষক। একপর্যায়ে ঘাড়ের পাশেও থাপ্পড় মারেন।

 

নিরবের বাবা জাকির হোসেন নোয়াখালীর একটি মুরগির ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, কয়েক মাস আগে শিক্ষক ইকবাল হোসেন ফোন করে তাঁর ছেলেকে কয়েকটি বিষয়ে প্রাইভেট পড়ানোর কথা বলেন। কিন্তু নিজের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে তিনি ছেলেকে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে জানান।

 

জাকির হোসেন বলেন, ‘এরপর থেকেই আমার ছেলেকে মারধর করা হচ্ছে। আগেও এমন ঘটনা ঘটেছে। তবে ছেলের দুষ্টুমির কারণে শাসন করছেন ভেবে বিষয়টি গুরুত্ব দিইনি। এবার ছেলের অবস্থা দেখে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের কাছে জানতে চেয়েছি, আমার ছেলের অপরাধ কী? সে পড়াশোনায় দুর্বল হলে বা দুষ্টুমি করলে আমাকে জানাতে পারতেন। কিন্তু এভাবে মারধর করার প্রয়োজন কী?’

 

তিনি আরও বলেন, তাঁর ছেলে আটটি বিষয়ে পড়াশোনা করে। অন্য কোনো শিক্ষক তার বিরুদ্ধে এমন অভিযোগ করেননি। শুধু একজন শিক্ষকের কাছেই কেন সে খারাপ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

 

জাকির হোসেন জানান, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তিনি। কিন্তু ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত ১০টার দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হতে পারে। আর্থিক অসচ্ছলতার কারণে এ ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

 

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন, ‘আমার সন্দেহ, ছেলেকে প্রাইভেট পড়ানোর জন্য বলেছিলেন শিক্ষক। কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়াতে না পারায় আমার ছেলের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’

 

তিন সন্তানের জনক জাকির হোসেন জানান, তাঁর বড় মেয়ে অষ্টম শ্রেণিতে, ছেলে সপ্তম শ্রেণিতে এবং ছোট সন্তান চতুর্থ শ্রেণিতে পড়ে। অনেক কষ্টে সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। সন্তানরা লেখাপড়া শিখে ভালো মানুষ হোক, এটাই তাঁর প্রত্যাশা। তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী দুষ্টুমি করলে বা পড়াশোনায় দুর্বল হলে শিক্ষক তাকে বুঝিয়ে সংশোধন করবেন। মারধর করে তার ভবিষ্যৎ নষ্ট করবেন না।’

 

অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বলেন, ঘটনাটি জানার পর মঙ্গলবার বিদ্যালয়ে একটি সভা ডাকা হয়েছিল। তবে ওই সভায় অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি। ঘটনা তদন্তে তিনজন সহকারী শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, এ ব্যাপারে খোঁজ নেব।

বাংলাদেশ সময়: ১০:৩৬:২৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ