সুন্দরবনের ডাকাত দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শুরু

হোম পেজ » লিড নিউজ » সুন্দরবনের ডাকাত দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শুরু
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

সুন্দরবনের ডাকাত দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের ডাকাত দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শুরু হয়েছে। এ যৌথ অভিযানে নৌবাহিনী, র‍্যাব, কোস্ট গার্ড, পুলিশ, বন বিভাগসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নিচ্ছে।

 

রবিবার (১২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

তিনি জানান, অভিযানে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন ডাকাত দলের মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৮০টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি ফাঁদসহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে ২৯ জন শিকারিকেও আটক করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার ৮০৬ কোটি টাকা সমমূল্যের অবৈধ জাল ও বিপুল রেণুপোনা জব্দ করা হয়েছে।

 

বনদস্যু দমন অভিযানের অংশ হিসেবে হারবারিয়া, কৈখালী, কয়রা, নলিয়ান, মান্দারবাড়ি ও সাতক্ষীরার শ্যামনগরসহ পুরো সুন্দরবন এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোস্ট গার্ডের নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযানের ফলে মৎস্যজীবী, বাওয়ালি ও স্থানীয়দের ওপর ডাকাতদের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ হ্রাস পেয়েছে বলে জানানো হয়।

 

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম আরও জানান, বন বিভাগের সহযোগিতা আরও বাড়লে অভিযান কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:১৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ