
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনায় দৃষ্টিপ্রতিবন্ধী নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে মারধর করে আহত করার অভিযোগও করেছেন তার মা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগীর মা। আদালত মামলাটি গ্রহণ করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি এ আদেশ দেন।
মামলার আসামি মো. আজিম (৩২)। তিনি বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের জাহাঙ্গীর জোমাদ্দারের ছেলে।
মামলার বাদীর অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে আসামি প্রায়ই তাঁর মেয়েকে অশালীন কথাবার্তা বলতেন। বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আসামির বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে ওই ছাত্রীকে জোর করে রাস্তার পূর্ব পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে তাঁকে মারধর করে আহত করেন আসামি।
বাদী জানান, মেয়ের চিৎকার শুনে দুজনকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। তাঁদের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যান। পরে তাঁর মেয়ে পাঁচ দিন বামনা হাসপাতালে চিকিৎসা নেয়।
অভিযোগের বিষয়ে জানতে আসামির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।