সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উড়ানোর কর্মসূচি ঘিরে আবারও কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাজধানীর সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিল অরাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি। কর্মসূচি ঘিরে জনসমাগম ঠেকাতে পার্কটি দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।
গত ১২ অক্টোবর ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দিল্লির যন্তরমন্তরে পতাকা নিয়ে গেলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। ওই গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জাতীয় পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রশাসনিক’ কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার দিল্লির সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে পুলিশ। এ সময় কাউকে পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এদিকে অভিজিৎ দীপের দিল্লির বাসায় গিয়ে পুলিশ তাঁকে জানিয়ে এসেছে, সেখানে কোনো জনসমাগম করা যাবে না। এ সময় অভিজিৎ প্রশ্ন করেন, জাতীয় পতাকা ওড়ানো কি অপরাধ? জবাবে এক পুলিশ কর্মকর্তা জানান, পতাকা ওড়ানো অবৈধ নয়। তবে এ জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো আন্দোলন অবৈধ বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন ভারতের তরুণেরা। তবে ট্রেন, মেট্রোরেলসহ বিভিন্ন যানবাহন বন্ধ করে এবং দিল্লিতে অঘোষিত লকডাউন জারি করে সেদিন তাঁদের যন্তরমন্তরে যেতে দেয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।