
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার। তাঁর কর্মজীবনের অবদান ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুদাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ও সমাজসেবক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির গৌরনদী উপজেলা শাখার সভাপতি কমল কান্তি সরকার এবং সাবেক সভাপতি কুতুব উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মহসিন ঘরামী, সাবেক প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, প্রাণতোষ কুমার দাস, সেনোয়ারা খানম, প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস, হুসনে আরা, সালেহা আক্তার, আসমা নাহার, কামরুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম জাকির হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক রাশিদা পারভিন লুনা, নমিতা রানী দে, সুব্রত কুমার পাল, ফাতিমা আক্তার কেয়া, লুৎফুন নাহার লাকি ও দিলীপ রুদ্রসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিহিত। নুরুন নাহার তাঁর কর্মজীবনে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ শিক্ষকসমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নুরুন নাহারের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।