সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা), আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাসুদ এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।
মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় রাজনৈতিক নেতা, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি।
সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্যসচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্যসচিব মো. জালাল আহমেদ খাঁন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সজাগ, সচেতন ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, আমতলী উপজেলায় এবার ১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।