বেতাগীতে টিআর ও কাবিখার জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ, তদন্তের দাবি

হোম পেজ » লিড নিউজ » বেতাগীতে টিআর ও কাবিখার জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ, তদন্তের দাবি
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

বেতাগীতে টিআর ও কাবিখার জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ, তদন্তের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার বেতাগী উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

 

জানা যায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের সহায়তায় সরকারের বিশেষ কর্মসূচি টিআর ও কাবিখার আওতায় প্রায় ৬৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, এসব চালের মান অত্যন্ত নিম্নমানের, যার মধ্যে ভাঙা পাথরের কণা, পোকা, ধুলাবালি ও দুর্গন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, বেতাগী উপজেলায় মসজিদ ও মন্দির উন্নয়ন কাজে বরাদ্দকৃত এসব চাল মানবিক সহায়তার পরিবর্তে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অনেক উপকারভোগী বাধ্য হয়ে কম দামে চাল বিক্রি করে বাজার থেকে ভালো চাল কিনতে বাধ্য হয়েছেন।

 

এ বিষয়ে (অব:) সার্জেন্ট মনির হোসেন লাভলু সাগরকন্যাকে বলেন, সরকারের বরাদ্দকৃত চাল মানসম্মত হওয়ার কথা থাকলেও সংগ্রহের সময় যথাযথভাবে মান যাচাই করা হয়নি। তার দাবি, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অবহেলার কারণেই নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে।

 

বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্য সহায়তায় অনিয়ম হলে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

বেতাগী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কবির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী মান যাচাই করেই চাল সংগ্রহ করা হয়েছে। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৫ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ