
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগে মানবিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার দিয়েছে।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান এক দশকের বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন। ২০১৬ সালে বরিশালের মান্তা জনগোষ্ঠীর জীবনসংগ্রাম কাছ থেকে দেখে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু করেন তিনি।
ইয়ুথনেট গ্লোবালের ‘মান্তাকানেক্ট’ উদ্যোগের মাধ্যমে ৩০০ মান্তা সদস্যকে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাঁদের কবরস্থানের জমির ব্যবস্থা করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান ও বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণের পাশাপাশি কুড়িগ্রামের চরাঞ্চলে ৯৫টি ঝুঁকিপূর্ণ পরিবারের জীবিকা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করেছেন তিনি। পরিবেশ শিক্ষা ও সচেতনতা কার্যক্রমেও যুক্ত রয়েছেন আরিফুর রহমান। ঝালকাঠির ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের সঙ্গে যুক্ত ৩০০ শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিকদূষণ প্রতিরোধে কাজ করছেন।
ইয়ুথনেট গ্লোবালের তথ্য অনুযায়ী, দেশের ৫০টি জেলায় সংগঠনটির কার্যক্রমের সঙ্গে প্রায় ১৫ হাজার তরুণ-তরুণী যুক্ত রয়েছেন।
আরিফুর রহমান বলেন, ‘আমার এ সম্মাননা প্রিয় জন্মভূমি ঝালকাঠিবাসী এবং সব তরুণকে উৎসর্গ করলাম। কারণ, আমি বিশ্বাস করি, তরুণরাই পারে সমাজ বদলাতে।’
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, ‘আরিফুর রহমান মানুষের পাশে দাঁড়ানোকে কখনো দয়া বা দান হিসেবে দেখেননি। তিনি কাজ করেছেন মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তাঁর এই অর্জন জলবায়ু সুবিচারের জন্য কাজ করা তরুণদের আরও উৎসাহিত করবে।’