
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌর এলাকায় গাছ কেটে নেওয়া ও বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মৃত আ. বারেক সরদারের স্ত্রী মোসা. রহিমা বেগম (৬৭) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত আ. হাই সরদারের ছেলে আবুল হোসেন রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের বসতঘরের সামনে পাকা রাস্তার পাশের একাধিক গাছ কেটে নিয়ে যান। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে প্রথমে গাছ কাটা বন্ধ করা হলেও পরে রাতের আঁধারে গাছগুলো নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত আবুল হোসেন বিভিন্ন সময় নিজেকে কখনো বিএনপি আবার কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদার বলেন, গত ৫ আগস্টের পর আমি বাড়িতে না থাকায় অভিযুক্ত আবুল হোসেন আমার পরিবারের সদস্যদের মারধরের হুমকি দিয়ে আমাদের জমির একাধিক গাছ কেটে নিয়ে যায় এবং বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেও এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে বিরোধপূর্ণ আচরণ করে আসছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, কাটা গাছগুলো তার নিজস্ব জমির। তিনি জানান, গাছগুলো রাতের আঁধারে নয়, প্রকাশ্য দিবালোকে কাটা হয়েছে। তার দাবি, অভিযোগকারী রহিমা বেগমের বসতবাড়িটি তার জমির ওপর রয়েছে এবং সেখানে শিগগিরই বাড়ি ভাড়া দেওয়ার (টু-লেট) সাইনবোর্ড লাগানো হবে। তিনি নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সক্রিয় কর্মী বলেও দাবি করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/এমআর