
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় মৎস্যজীবীদের অধিকার, প্রাপ্যতা ও জেলে নিবন্ধন হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর ফিসনেট প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন প্ল্যাটফর্মের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরবিন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফর সাদিক এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।
বক্তারা বলেন, প্রকৃত মৎস্যজীবীদের সমন্বয়ে জলমহাল ইজারা প্রদান এবং প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে নিষেধাজ্ঞার সময়ে দরিদ্র জেলে পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সমবায় সমিতি গঠন, পরিবেশবান্ধব জাল বিতরণ, ট্রলারে জীবনরক্ষাকারী সরঞ্জাম ও ওয়েস্টবিন বিতরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকরভাবে আইন প্রয়োগে সহযোগিতা করার জন্য সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।