শূন্য থেকে স্বপ্নের উদ্যোক্তা: বাউফলের কাকলি বেগম

হোম পেজ » ফিচার » শূন্য থেকে স্বপ্নের উদ্যোক্তা: বাউফলের কাকলি বেগম
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

শূন্য থেকে স্বপ্নের উদ্যোক্তা: বাউফলের কাকলি বেগম

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

দারিদ্র্য, পারিবারিক প্রতিকূলতা ও সীমাহীন সংগ্রাম পেরিয়ে আজ সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের কাকলি বেগম। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে তার জীবনগল্প প্রান্তিক নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

 

শৈশব থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন কাকলি বেগম। পিতা-মাতার বিচ্ছেদের পর দাদা-দাদির স্নেহে বড় হলেও সংসারের অভাব ও অনিশ্চয়তা তাকে থামাতে পারেনি। ১৫ টাকা দিয়ে প্রতিবেশী এক আত্মীয়ের কাছ থেকে দর্জি কাজ শেখার মধ্য দিয়ে তার উদ্যোগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে স্বামী সাইফুল ইসলামের ৫ হাজার টাকার সঞ্চয় দিয়ে তিনি ছোট পরিসরে একটি কসমেটিক্স দোকান চালু করেন, যা ধীরে ধীরে ‘ফ্যামিলি বিজনেস ই-সেন্টার’ হিসেবে প্রসারিত হয়েছে।

 

বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠানে কসমেটিক্স বিক্রির পাশাপাশি দর্জি কাজ, মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, নগদ), ফ্লেক্সিলোডসহ অন্যান্য সেবা দেওয়া হয়। স্থানীয় ক্রেতাদের আস্থা ও তার পরিশ্রমের ফলে ব্যবসার মূলধন দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা। কাকলি বেগম জানান, নিজের আয় করার ক্ষমতা একজন নারীর আত্মবিশ্বাস বাড়ায়। কারও ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত স্বাধীনতা।

 

তার সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি। পাশাপাশি স্বামী সাইফুল ইসলামের উৎসাহ ও সহযোগিতাও তাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

 

বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ছোট্ট দোকানঘরেই গড়ে উঠেছে তার স্বপ্নের ব্যবসা কেন্দ্র। প্রতিষ্ঠানটি শুধু পরিবারের আয় উৎস নয়, আশপাশের নারীদেরও ছোট ব্যবসা শুরু করতে অনুপ্রাণিত করছে। স্থানীয়রা মনে করেন, কাকলি বেগমের সাফল্য প্রমাণ করে যে সুযোগ ও সাহস থাকলেই গ্রামের নারীরাও উদ্যোক্তা হিসেবে সফল হতে পারেন।

 

আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে তার সংগ্রামী জীবনগাথা স্পষ্ট বার্তা দেয়- দারিদ্র্য বা প্রতিকূলতা কখনোই জীবনের শেষ কথা নয়। উদ্যোগ, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারীও নিজ ভাগ্যের নির্মাতা হয়ে উঠতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:০২:৪২ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ