কলাপাড়ায় জমি দখল, সাইনবোর্ড সরালো বিএনপি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জমি দখল, সাইনবোর্ড সরালো বিএনপি
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


কলাপাড়ায় জমি দখল,  সাইনবোর্ড সরালো বিএনপি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫ একর জমি বিএনপি নেতা পরিচয়ে দখল করে সাইনবোর্ড সাঁটানোর ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার ও সাধারণ সম্পাদক এ্যাড হাফিজুর রহমান চুন্নুর নেতৃত্বে দখলকৃত জমির সাইনবোর্ড তুলে ফেলা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বিএনপি নেতা পরিচয়ে ১৫-১৬ জনের একটি গ্রুপ ব্যবসায়ী নির্মল নন্দীর কয়েক যুগ ধরে মালিকানাধীন থাকা রজপাড়া মৌজার, জে এল ৯, বিএস ৪৯৬ খতিয়ানের ১৫ একর জমি দখল করে শ্রেণী পরিবর্তন করে সার্জেন্ট অব: ফজলুল হক গং নাম লিখে সাইনবোর্ড স্থাপন করেছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়।

ভুক্তভোগী নির্মল নন্দী বলেন, রুহুল, রাসেলসহ ১০-১২ জনের একটি গ্রুপ তিন-চার দিন আগে আমার জমি দখল করে শ্রেণী পরিবর্তন করেছিল। এরপর বিএনপির নেতৃবৃন্দকে জানালে আজ জমি থেকে সাইনবোর্ড তুলে ফেলা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। তিনি দখলকারীদের জমির শ্রেণী পরিবর্তন করে মাটি কাটার স্থানে ভরাটও করতে বলেছেন।

উপজেলা বিএনপির সম্পাদক এ্যাড হাফিজুর রহমান চুন্নু জানান, নির্মল নন্দীর শ্যালকের কাছ থেকে ওরা ৩.৬০ একর জমি কিনে ১৫ একর জমি দখল ও সাইনবোর্ড স্থাপন করে। বিএনপি পরিচয়ে জমি দখলের এই গর্হিত কাজটি নজরে আসায় আমরা সাইনবোর্ড তুলে ফেলেছি এবং দখলকারীদের জমি ভরাট করে দিতে বলেছি। বিএনপি কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং দিবে না।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ