প্রার্থী হবেন শাহাদাতও বরগুনায় মেয়র পদে দলীয় মনোনয়ন চান পিপি নুরুল আমিন

হোম পেজ » বরগুনা » প্রার্থী হবেন শাহাদাতও বরগুনায় মেয়র পদে দলীয় মনোনয়ন চান পিপি নুরুল আমিন
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


 

পিপি নুরুল আমিন ও শাহাদাত হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরগুনা পৌরসভার মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বরগুনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মো. নুরুল আমিন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি দলীয় সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। ২০১১ সালে দলীয় সিদ্ধান্তে মেয়র পদে নির্বাচন করে তিনি আলোচনায় আসেন। একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র মো. শাহাদাত হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি হয়ে তিনি বর্তমানে পলাতক বলে জানা গেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মো. নুরুল আমিন বরগুনা পৌর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি বরগুনা গগন মেমোরিয়াল হাই স্কুল থেকে ১৯৮২ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং বাংলাদেশ ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য হন। দীর্ঘ ৩৩ বছর ধরে আইন পেশায় নিয়োজিত তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান। রাজনৈতিকভাবে তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সহসভাপতি ছিলেন। এছাড়া ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বরগুনা পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বরগুনা পৌরসভায় বিএনপির দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরগুনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজবুল কবির এবং আবুল কালাম আজাদ।

অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন মনোনয়ন ভাগিয়ে নেওয়া সম্ভব হলে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন দল থেকে বহিষ্কৃত সাবেক দুইবারের মেয়র মো. শাহাদাত হোসেন, অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও মো. হুমায়ুন কবীর।

বিএনপির একাধিক নেতা বলেন, দল থেকে আলহাজ্ব মো. নুরুল আমিন সমর্থন পেলে নির্বাচন তুলনামূলকভাবে সহজ হবে। নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

আলহাজ্ব মো. নুরুল আমিন বলেন, দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে বরগুনা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে তিনি কাজ করবেন। নাগরিক সেবা সহজীকরণ, অনলাইন সেবা চালু, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।

মো. শাহাদাত হোসেন বলেন, গত আট বছর ধরে তার নাম আওয়ামী লীগের সঙ্গে নেই। তবুও তার বিরুদ্ধে কয়েকটি মামলা দেওয়া হয়েছে। নির্বাচন করার সুযোগ পেলে তিনি অংশ নেবেন। তিনি দাবি করেন, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দায়িত্ব পালনকালে নান্দনিক বাসস্ট্যান্ড, মাছ বাজার, ওভারহেড পানির ট্যাংকি, নাথ পট্টি লেক উন্নয়ন, বাজার সড়ক সংস্কার ও ডিভাইডার সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৫৩ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ