বাউফলে সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলির মনোনয়ন চাহিদা জোরালো

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলির মনোনয়ন চাহিদা জোরালো
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

বাউফলে সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলির মনোনয়ন চাহিদা জোরালো

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী-২ (বাউফল) আসনের রাজনীতিতে ভারসাম্য, তৃণমূলের প্রতিনিধিত্ব এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলি তালুকদারকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চায় বাউফলবাসী। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার স্বীকৃতি হিসেবেই তাকে সংসদে পাঠানো সময়ের দাবি।

সালমা আলম লিলি তালুকদার বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী এবং বিএনপি পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে সংগঠনকে সক্রিয় রাখতে কাজ করেছেন।

স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, তার স্বামী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদারের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং সালমার নিজস্ব সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে তিনি নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তসলিম তালুকদার জানালেন, সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলিকে মনোনয়ন দেওয়া হলে সংগঠন আরও চাঙা হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম জানান, শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সালমা আলম লিলির সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সভা-সমাবেশ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মোকাবিলায় অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ একজন নারী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততা এ ক্ষেত্রে কাজে লাগবে।

উপজেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন ও দলীয় নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হলে তৃণমূলের আস্থা আরও সুদৃঢ় হবে। এটি শুধু একজন ব্যক্তিকে এমপি করার দাবি নয়; এটি বাউফলবাসীর প্রাণের দাবি।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৮ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ