আগৈলঝাড়ায় টিপু-কবির হত্যাকাণ্ডের ১১ বছরেও বিচার হয়নি

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় টিপু-কবির হত্যাকাণ্ডের ১১ বছরেও বিচার হয়নি
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়ায় টিপু-কবির হত্যাকাণ্ডের ১১ বছরেও বিচার হয়নি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ নিহত উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাসের সদস্য কবির হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২১ ফেব্রুয়ারি)। ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাইপাস ব্রিজের পশ্চিম পাশের সড়কে তাদের গুলি করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

 

নিহত কবির হোসেনের ছেলে আশিকুর রহমান আসিফ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহিংসাবশত তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। তাদের প্ররোচনায় পুলিশ ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। পরে ২১ ফেব্রুয়ারি রাতে টিপু হাওলাদার ও কবির হোসেনকে গুলি করে হত্যা করে ঘটনাটি ‘ক্রসফায়ার’ হিসেবে প্রচার করা হয় বলে পরিবারের দাবি।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া আজ শনিবার উপজেলা পরিষদ হলরুমে শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সভা থেকে কথিত ক্রসফায়ারের নামে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করা হবে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ সময়: ০:১৬:১৫ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ