সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে নিখোঁজ হয়েছে ১২ বছর বয়সী শিশু জুনায়েদ। এ সময় তার সঙ্গে নদীতে পড়ে যাওয়া আরেক কিশোরকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে বড় ঢেউয়ের ধাক্কায় উদ্ধারকারীর হাত ফসকে নদীতে তলিয়ে যায় জুনায়েদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জুনায়েদ নগরীর পলাশপুর এলাকার ৭ নম্বর গলির মো. জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, তাঁরা নদীর তীরে সাইকেল ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। পাশেই জুনায়েদ ফুটবল নিয়ে খেলছিল। হঠাৎ বলটি নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে জুনায়েদ ও অপর এক শিশু নদীতে পড়ে যায়।
সাইফুল বলেন, ঘটনার সময় জুনায়েদের বড় ভাই জুবায়ের (১৫) সেখানে ছিল। তার চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। এক শিশুকে টেনে তুলতে পারলেও জুনায়েদকে বাঁচাতে পারেননি।
তিনি জানান, জুনায়েদ তাঁর হাতের কব্জি ধরে ছিল। কিন্তু হঠাৎ ঢেউয়ের ধাক্কায় হাত ছেড়ে দিয়ে নদীতে তলিয়ে যায় শিশুটি। তাঁর মনে হয়েছে, যেন ‘নদীর ভেতর থেকে কেউ তাকে টান দিয়ে’ নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, জুনায়েদকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বরেও ফোন করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে অন্য কোনো সংস্থার কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান তাঁরা।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া নৌ ফায়ার স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে নদীর গভীরতা ৮৬ ফুট। দুপুর দেড়টা থেকে চারজন ডুবুরি তল্লাশি চালান। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। জুনায়েদের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়েছে।