
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনায় জেন্ডারভিত্তিক নেতিবাচক সামাজিক ধারণা দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সহায়তায় ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্সের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
আলোচনায় জেন্ডার বিষয়ে প্রচলিত নেতিবাচক সামাজিক ধারণা দূরীকরণ, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্সের উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুব্রত মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদৌলা, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, কয়রা কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফরহাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর খাদিজা আক্তার মিম, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার ও হাসিবুল ইসলাম টুটুলসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।