কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?

হোম » ইসলামী জীবন » কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


কারখানার ভেতর জুমার নামাজ পড়া যাবে?সাগরকন্যা ইসলামী ডেস্ক

 

জুমার নামাজ আদায় শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো, সেখানে সবার অংশগ্রহণের সাধারণ অনুমতি থাকতে হবে। তবে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ ও বাইরে যাওয়ার ওপর বিধিনিষেধ থাকলে সেখানে জুমার নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।

 

এ বিষয়ে একজন জানতে চেয়েছেন, তাঁর একটি মুরগির খামার রয়েছে। খামারের ভেতরেই কর্মচারীদের থাকার ব্যবস্থা। মুরগির জন্য মারাত্মক ক্ষতিকর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কর্মচারীদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এ কারণে তাঁরা পাঁচ ওয়াক্ত নামাজ খামারের নামাজ ঘরেই আদায় করেন। একই বিধিনিষেধের কারণে বাইরের মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের সুযোগও নেই। এ অবস্থায় খামারের নামাজ ঘরে জুমা আদায় করা যাবে, নাকি জোহরের নামাজ পড়তে হবে? নামাজ ঘরটি ওয়াক্‌ফকৃত মসজিদ নয়। জুমার নামাজের জন্য জামে মসজিদ হওয়া বাধ্যতামূলক কি না, সেটিও জানতে চেয়েছেন তিনি।

 

জবাবে বলা হয়েছে, প্রশ্নোক্ত পরিস্থিতিতে কর্মচারী ও খামারের অভ্যন্তরে অবস্থানকারী অন্য মুসল্লিদের জন্য ওই নামাজ ঘরে জুমার নামাজ আদায় করা সহিহ হবে। জুমা আদায়ের জন্য স্থানটি ওয়াক্‌ফকৃত মসজিদ হওয়া শর্ত নয়। একইভাবে জামে মসজিদ হওয়াও বাধ্যতামূলক নয়।

 

তবে সাধারণ নিয়ম হলো, ফরজ নামাজ ওয়াক্‌ফকৃত শরয়ি মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। জুমার নামাজের ক্ষেত্রেও ছোট ছোট জামাত না করে এলাকার বড় কোনো জামে মসজিদে একত্রে নামাজ আদায় করা উত্তম।

 

কিন্তু ফ্যাক্টরির অভ্যন্তরে জুমার নামাজ আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও জুমা না পড়ে জোহরের নামাজ আদায় করা জায়েজ হবে না। কারণ, যে এলাকায় জুমার বিধান প্রযোজ্য, সেখানে মুকিমদের জন্য জুমার নামাজ ফরজ। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া জুমা ছেড়ে জোহরের নামাজ আদায় করা বৈধ নয়।

বাংলাদেশ সময়: ১০:০১:৩৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ