সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বরগুনায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর কার্যক্রম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর আলহাজ মো. নুরুল আমীন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, ক্রীড়াবিদ, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি নতুন প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী জীবন গঠনে খেলাধুলা ভূমিকা রাখবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ ক্রীড়া উৎসব তরুণদের ক্রীড়াচর্চা বৃদ্ধি, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।