
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেই যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রাম পুলিশ। সে অর্থে গ্রাম পুলিশই তৃণমূল পর্যায়ের সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও তাঁদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে। এ চিন্তা থেকেই সরকার তাঁদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী দেশের বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রাম পুলিশদের বিভিন্ন দাবির বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমান স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ।
এদিকে একই দিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন।
পরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।