চরফ্যাশনে সংখ্যালঘু যুবককে ঘরে আটকে মারধরের অভিযোগ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে সংখ্যালঘু যুবককে ঘরে আটকে মারধরের অভিযোগ
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬


 

চরফ্যাশনে সংখ্যালঘু যুবককে ঘরে আটকে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে গৌতম রায় (৩৪) নামে এক সংখ্যালঘু যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে চোর সাজিয়ে মারধর এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আইয়ুব খানের বিরুদ্ধে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে নিজের বাসায় সংবাদ সম্মেলনে গৌতম রায় লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ রায়ের ছেলে। অভিযুক্ত আইয়ুব খান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

 

গৌতম রায় বলেন, চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডে আমার বৈধ জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে আইয়ুব খান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে। নিরাপত্তার স্বার্থে কয়েকদিন আগে দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। পরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে উভয় পক্ষকে ডেকে মিমাংসা করেছে।

 

তিনি আরও জানান, গত বুধবার রাত ১০টার দিকে ময়না বাজারে যাওয়ার সময় স্থানীয় একটি বাড়িতে আটকে রাখে এবং পাকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে। স্বাক্ষর দিতে অস্বীকার করলে আমাকে চোর সাজিয়ে মারধর করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পরিবারের সদস্যরা এসে আমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য চিকিৎসাকেন্দ্রে এবং পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

গৌতম রায় অভিযোগ করেন, হাসপাতাল থেকে দুই দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

 

তার স্ত্রী কবিতা রায় জানান, রাতের ঘটনায় স্বামীকে মারার হুমকি দেওয়ায় বাধ্য হয়ে স্বাক্ষর দিতে হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে পরিবার চরম আতঙ্কে রয়েছে এবং দোষীদের সুষ্ঠু শাস্তি চাই।

 

অভিযুক্ত আইয়ুব খান অভিযোগ অস্বীকার করে বলেন, গৌতম রায় রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থানীয়রা তাকে আটক করেছে। তবে ঘরে আটকিয়ে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

 

দক্ষিণ আইচা থানার পরিদর্শক (ওসি) আহসান কবির জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ