বাগেরহাটে তিনটিতে জামায়াত, এক আসনে বিএনপি জয়ী

হোম পেজ » খুলনা » বাগেরহাটে তিনটিতে জামায়াত, এক আসনে বিএনপি জয়ী
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

বাগেরহাটে তিনটিতে জামায়াত, এক আসনে বিএনপি জয়ী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোর ৫টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফল অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

 

বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।

 

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।

 

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল আলীম দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

 

জামায়াতে ইসলামী থেকে বিজয়ীদের মধ্যে শেখ মনজুরুল হক রাহাদ ও মো. মশিউর রহমান খান নতুন মুখ। বিএনপির শেখ ফরিদুল ইসলামও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। আব্দুল আলীম ২০১৮ সালে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

 

রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, ‘বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীদের হারিয়ে জামায়াতে ইসলামী এবং একটিতে জামায়াতে ইসলামীকে হারিয়ে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

 

এদিকে, বাগেরহাট-৩ আসনে জয়ী হয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, মাদক ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১১:২২:০৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ