বরগুনা ২ আসন: প্রধান মন্ত্রী-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে আসিনি-চরমোনাইর পীর

হোম » বরগুনা » বরগুনা ২ আসন: প্রধান মন্ত্রী-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে আসিনি-চরমোনাইর পীর
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


বরগুনা ২ আসন: প্রধান মন্ত্রী-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে আসিনি-চরমোনাইর পীর

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, প্রধান মন্ত্রী-মন্ত্রী হওয়ার জন্য নয়, দেশ ও ইসলামের কল্যাণে রাজনীতি করি। শুক্রবার শেষ বিকালে বরগুনার পাথরঘাটা হাই স্কুল মাঠে বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নৈতিকতা ও আদর্শ থাকে না। ইসলামী আন্দোলন কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে না। আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের সেবাই তাদের মূল লক্ষ্য। দেশে ন্যায়বিচার, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান অঙ্গীকার।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের হাত ধরেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষস্থানে পৌঁছেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যার ফলে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া’।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত চরিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতায় গেলে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ইসলামী আন্দোলন ওই জোট থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই।

চরমোনাই পীর আরও বলেন, জোট থেকে বেরিয়ে আসার পর অনেকে ভেবেছিল ইসলামী আন্দোলন দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে সংগঠনটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় বরগুনা-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মিজানুল রহমান কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি ও বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাওয়ালকরের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর সাকুর, ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫১:২৫ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ