
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় মাদকসহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীকে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তালতলী উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক আকন সবুজ (৪০), তিনি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী এলাকার মো. শাহ আলী আকনের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। অপরজন মো. আবুল কালাম (৩৯), তিনি মালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং নিশানবাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল তালতলী উপজেলা শহরের মালিপাড়ায় ওই পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, সিমকার্ড, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের নৌবাহিনী থানায় হস্তান্তর করেছে। পরে আজ বুধবার সকালে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।