দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ পূজামণ্ডপে ২ হাজার বিজিবি মোতায়েন

হোম » খুলনা » দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ পূজামণ্ডপে ২ হাজার বিজিবি মোতায়েন
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ পূজামণ্ডপে ২ হাজার বিজিবি মোতায়েন

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২টি পূজামণ্ডপে ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

 

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সাঁজোয়া যানবাহী এপিসি প্লাটুন ও বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করছেন।

 

সীমান্ত এলাকায় চোরাচালান, নাশকতা ও দুর্বৃত্তদের যেকোনো তৎপরতা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তবর্তী পূজামণ্ডপ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী বর্ডার আউটপোস্টগুলোতে (বিওপি) জনবল বাড়ানো হয়েছে।

 

যেকোনো প্রয়োজনে যোগাযোগ ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ