উপকূলীয় জেলেদের ঝুঁকি ও সমুদ্রে সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

হোম পেজ » খুলনা » উপকূলীয় জেলেদের ঝুঁকি ও সমুদ্রে সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

উপকূলীয় জেলেদের ঝুঁকি ও সমুদ্রে সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি, সমুদ্রে নিরাপত্তা, সামুদ্রিক বাস্তুতন্ত্র সুরক্ষা এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা বিষয়ে সাংবাদিকদের জন্য দিনব্যাপী অনুসন্ধানী প্রতিবেদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক দুর্বলতা, ঝুঁকি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং সরকারি নীতি বাস্তবায়ন বিষয়ে অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, উত্তরণ মিল অ্যান্ড সেইফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন, ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক মো. রেজওয়ানুল হক চৌধুরী, অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান, মিল অফিসার মাকসুদুল ইসলাম, ডব্লিউজেসিসি প্রকল্প ব্যবস্থাপক বিলকিস খাতুন এবং উত্তরণ মোংলা এরিয়া ম্যানেজার মো. মোখলেসুর রহমান।

 

প্রশিক্ষণে বক্তারা বলেন, সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত মৎস্যজীবী নারীরা তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন এবং বহু জেলে দাদন ব্যবস্থার বেড়াজালে আটকে পড়ছেন। এসব ঝুঁকি থেকে উত্তরণে বিকল্প জীবিকাভিত্তিক উদ্যোগ ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৫ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ