বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১

হোম » বরগুনা » বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬


 

বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও শোডাউন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বামনায় এটিই সংগঠনটির নেতাকর্মীদের প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে জানা গেছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে বামনা ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন মহাসড়কে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সংগঠনটির নেতাকর্মীরা আকস্মিকভাবে মিছিলে অংশ নেন। খবর পেয়ে বামনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উপজেলা সদরের গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান আকন। এ সময় নেতাকর্মীদের বহন করা ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারের নিচে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগ, বামনা উপজেলা শাখা, বরগুনা’।

 

মিছিল থেকে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ নিষেধাজ্ঞা, মানি না মানব না’, ‘অবৈধ সরকার, মানি না মানব না’ এবং ‘বামনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছরের বেশি সময় পর ভোরে মহাসড়কে এমন মিছিল ও বড় ব্যানার নিয়ে শোডাউনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ