ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়।

 

অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।

 

মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। সেখানে শিশুটিকে বসিয়ে রেখে নৌকা মেরামতের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান তার বাবা। এ সময় শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি ধৈঞ্চা বনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে করিম সিকদারের বিরুদ্ধে।

 

পরে বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পরিবারের সদস্যরা শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান।

 

পরে শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা ভাণ্ডারিয়া থানায় গিয়ে মামলা করেন।

 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ