
সাগরকন্যা প্রতিবেদন
আন্তর্জাতিক যোগাযোগ, নেতৃত্বের বিকাশ ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্প ফর জোটা-জোটি ২০২৬’। থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১৫ থেকে ২০ অক্টোবর তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে অংশ নেন ১০৮ জন।
ক্যাম্পের প্রথম দিনে তাঁবু স্থাপন ও শিবির সাজানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে গ্রুপের সিএসটি অংশগ্রহণকারীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
দ্বিতীয় দিনে বিপিপিটি, ক্যাম্প ও প্যাট্রল পরিদর্শন এবং পতাকা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জোটা-জোটি কার্যক্রমে অ্যামেচার রেডিও ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে এস২১এইচআরজি বিশেষ অ্যামেচার রেডিও কল সাইন সংগ্রহ করা হয়।
এদিন বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বাংলাবান্ধা এলাকা পরিদর্শন ও সেখানে কুচকাওয়াজে অংশ নেন স্কাউটরা। রাতে অনুষ্ঠিত ভিজিল কার্যক্রমে তাঁদের দায়িত্ববোধ, সতর্কতা ও শৃঙ্খলা চর্চার সুযোগ তৈরি হয়।
তৃতীয় দিনে সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও দলগত দক্ষতা বিকাশে বিভিন্ন আয়োজন করা হয়। দিনের শুরুতে সহচর রোভারদের দীক্ষা গ্রহণ এবং শেষে ক্যাম্পফায়ার ও বিশেষ ভোজের আয়োজন করা হয়।
ক্যাম্পের শেষ দিনে তেঁতুলিয়ার একটি ভিউপয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করেন অংশগ্রহণকারীরা। ঘুরে দেখেন স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থানও। পরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে ট্রেজার হান্ট কার্যক্রমে অংশ নেন তাঁরা। এর মধ্য দিয়ে সমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা ও দলগত দক্ষতা চর্চার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
সব কার্যক্রম শেষে ক্যাম্প গুটিয়ে রেলস্টেশনের উদ্দেশে রওনা হন তাঁরা। পরে ঢাকার পথে যাত্রা শুরু করেন।
আয়োজকদের মতে, এ ক্যাম্প স্কাউটদের আন্তর্জাতিক যোগাযোগ, নেতৃত্ব, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বিকাশের পাশাপাশি তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের স্মরণীয় সুযোগ তৈরি করেছে।