দশমিনায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ১৫

হোম » পটুয়াখালী » দশমিনায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ১৫
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

দশমিনায় জমি নিয়ে বিরোধে হামলা, আহত ১৫

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচখালী চরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন মোস্তফা খলিফা (৬২), আউয়াল ফকির (৬০), সিদ্দিক ফকির (৪০), হারুন মুন্সি (৫৩), রতন বয়াতি (৩৮), আবুল কালাম হাওলাদার (৬০), ইউনুস হাওলাদার (৭০), ওহবা (৩৫), শাহ আলম (৭৬), হাসেম হাওলাদার (৬০), দুলাল হাওলাদার (৫০), মোয়াজ্জেম সরদার (৫৮), মনির খন্দকার (৫৫), শাহ আলম সিকদার (৪৫) ও মালেক হাওলাদার (৫৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচখালী চরে রেকর্ডীয় মালিকদের দখলে থাকা জমি চাষাবাদের উপযোগী করতে ভেকু দিয়ে বেড়িবাঁধ নির্মাণের কাজ করছিলেন তাঁরা। এ নিয়ে বিরোধ দেখা দিলে তা নিরসনে কয়েক দফা থানায় বৈঠক হয়। পরে পুলিশের নির্দেশে বেড়িবাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখা হয়।

 

আহতদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ রেখে খাবার খাওয়ার সময় ট্রলারে করে ৩০ থেকে ৩৫ জন লোক চরে আসেন। তাঁদের মধ্যে ইস্কান্দার, মনি চৌকিদার ও বেল্লাল ফরাজিসহ কয়েকজন নেমে তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় তাঁদের মারধর করে চাল, ডাল, ডিজেল, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।

 

আহত মোস্তফা খলিফা, সিদ্দিক ফকির ও ইউনুস হাওলাদার বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এতে তাঁরা ১৫ জন আহত হন।

 

খবর পেয়ে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা খলিফা ও আউয়াল ফকিরকে ভর্তি করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

অভিযোগের বিষয়ে ইস্কান্দার বলেন, ‘আমি ভেকুর কাজে চরে গিয়েছিলাম। কাউকে মারতে যাইনি বা মারিনি। বরং মারামারি থামিয়েছি। ওই চরে আমার কোনো জমি নেই।’

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৯:০৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ