
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুজন হলেন নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাসের (মন্টু) স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) ও তাঁর আপন ভাই ডা. অসিত বরণ বিশ্বাস (খোকন)।
পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে কৃষ্ণা রানী বিশ্বাসের মৃত্যু হয়। অন্যদিকে, ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান ডা. অসিত বরণ বিশ্বাস।
ডা. অসিত বরণ বিশ্বাস একসময় বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচএ হিসেবে কর্মরত ছিলেন। অবসর-পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন আমতলী হাসিনা ডায়াগনস্টিক সেন্টারে অসংখ্য মানুষকে আন্তরিকতা ও পরম যত্নের সঙ্গে চিকিৎসাসেবা দিয়েছেন।
একই দিনে স্ত্রী ও আপন ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সত্তরোর্ধ্ব অরবিন্দু বিশ্বাস। এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মৃত দুজনের একজনের ছেলে এবং অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় তাঁদের শেষকৃত্যের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুজনেরই শেষকৃত্য নবাবগঞ্জে তাঁদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। সময় নির্ধারণের পর তা জানানো হবে।
কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। ডা. অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।