আটকা পড়েছে পশু ও মাছের খাদ্য আমতলীতে মাদ্রাসার স্টলে তালা দেওয়ার অভিযোগ বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে

হোম » বরগুনা » আটকা পড়েছে পশু ও মাছের খাদ্য আমতলীতে মাদ্রাসার স্টলে তালা দেওয়ার অভিযোগ বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬


 

আমতলীতে মাদ্রাসার স্টলে তালা, আটকা ৫ লাখ টাকার পশু ও মাছের খাদ্য

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে একটি মাদ্রাসার ভাড়া দেওয়া স্টল দখলের উদ্দেশ্যে জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে। এ ঘটনায় উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদার জড়িত বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

 

বুধবার (২১ অক্টোবর) রাতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার স্টলে তালা লাগানোর ঘটনায় ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারের অন্তত পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে তাঁর ব্যবসায়িক কার্যক্রম। দ্রুত তালা খুলে দেওয়ার দাবি জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের শুক্রবার (২৩ অক্টোবর) আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ডে সাতটি স্টল নির্মাণ করে। এরপর থেকে স্টলগুলো ভাড়া দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গত ১ আগস্ট মাদ্রাসা ভবনের সামনে থাকা একটি স্টল ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছিলেন।

 

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে শাহজাহান সরদার ও মোশাররফ হোসেন হাওলাদার ওই স্টলে তালা লাগিয়ে দেন। এতে বিপাকে পড়েন ব্যবসায়ী রিপন তালুকদার। তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্টলে থাকা প্রায় পাঁচ লাখ টাকার পণ্য আটকা পড়ে।

 

খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন তালা খুলে দেওয়ার নির্দেশ দেন। তবে তাঁর নির্দেশের পরও তালা খোলা হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে স্টলটিতে পশু ও মাছের খাদ্য বিক্রি করছি। বুধবার রাতে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান সরদার এবং মোশাররফ হাওলাদার আমার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছেন।’ তিনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

 

স্টলে তালা দেওয়ার কথা স্বীকার করে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে ঘর ভাড়া দিয়েছেন। তাই আমার ঘর আমি তালা দিয়েছি।’ তবে ভাড়ার চুক্তিপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তিনি আরও বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম হাওলাদারের নির্দেশে তিনি ঘরে তালা দিয়েছেন।

 

এ বিষয়ে জানতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, ‘মাদ্রাসার স্টল দখল করতে শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তালা দিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও অভিযোগ করেন, স্টলে তালা দেওয়া ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

 

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, ‘বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছি। দলের কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।’

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ